তিন মাসের টানা বৃষ্টিতে রাস্তা ঘাটের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সারা দেশের সড়ক মহাসড়ক আমরা মেরামত করেছি।
সেই রাস্তা বৃষ্টিতে কিছুটা হলেও নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, সে কারণে দুর্ভোগ হবে না সেটা বলা যাবে না। সবাই মিলে এই দুর্ভোগ কীভাবে কমানো যায় সে ব্যাপারে মন্ত্রী উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার দুপুরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের ১নং রেলগেটে বটতলায় ঢাকা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ওয়াদা করেছেন ঈদের তিন দিন আগে ও পরের তিন দিন পর্যন্ত সড়ক মহাসড়কে লরি ও ট্রাক চালাবেন না।
শুধুমাত্র পশুবাহী ট্রাক, গার্মেন্টপণ্য, পচনশীল পণ্য ও ওষুধবাহী ট্রাক চলাচল করবে। মন্ত্রী ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা ওয়াদা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমরা সবাই চেষ্টা করছি আসন্ন ঈদ ভালো ভাবে উদযাপন করার জন্য। মন্ত্রী বলেন, টানা ভারী বর্ষণের কারণে মহাসড়ক বার বার ঠিক করা হলেও আবার নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দুর্ভোগ কিছুটা হতে পারে।
সেজন্য যানজট নিয়ন্ত্রণে মানুষের দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে শতভাগ যানজট মুক্ত করতে পারবো কি না, এটা বলা কঠিন।
ট্রাক চালকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনার সাবধানে গাড়ি চালাবেন। কোনো রকম ঝুঁকি নেবেন না।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী, জাতীয় শ্রমিক লীগের তেজগাঁও শাখার সাবেক সভাপতি মো. সামছুল হক বক্তব্য রাখেন।
এসএইচ





