সন্ত্রাসের মাধ্যমে রাজনৈতিক সমাধান আসতে পারে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে নদী খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস আর রাজনীতি একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাসের কাছে মাথা নত করে কিছু করতে গেলে ভবিষ্যতে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।’
এর আগে, মন্ত্রী হেলিকপ্টারযোগে বঙ্গবন্ধু সেনানিবাসে অবতরণ করেন। এ সময় তিনি প্রায় ৯শ’ কোটি টাকা ব্যায়ে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ পরিদর্শন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তবে প্রকল্পের কাজ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহম্মেদ খান ও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাজাহান সিরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেআই





