নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, একাধিক স্থানে ভোটার হলে কিংবা জাল ভোট দিলে ৬ মাসের জেল খাটতে হবে, দিতে হবে ২ হাজার টাকা জরিমানা।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় নবনির্মিত পাবনা জেলা সার্ভার স্টেশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, বর্তমানে অনেকেই বুঝে বা না বুঝে একাধিক স্থানে ভোটার তালিকায় নাম উঠান। এতে ক্ষতি ছাড়া লাভ হবে না। ডুপ্লিকেট ভোটার অথবা জাল ভোটদানকালে ধরা পড়লে ৬ মাসের জেল বা ২ হাজার টাকা জরিমানা নতুবা উভয় শাস্তি পেতে হবে।
জাতীয় পরিচয়পত্র সম্পর্কে তিনি রানা প্লাজা ধ্বসে নিহতদের উদাহরণ টেনে বলেন, আইডি কার্ড পকেটে থাকায় সহজেই সনাক্ত হওয়ায় সরকারের সহযোগিতা পেয়েছেন অনেকে। পরিচয়পত্র না থাকায় অনেকেরই লাশ বেওয়ারিশ হিসেবে দাফন হয়েছে। দেশে ১৮ বছর পূর্ণ হলেই তাকে ভোটার করা হবে। জাতির কাছে অচিরেই বিশ্ব ব্যাংকের সহায়তায় স্মার্ট আইডি উপহার দেয়া হবে। এই কার্ড বিভিন্ন কাজে ব্যবহৃত হবে।
প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পাবনা গণপূর্ত বিভাগ জেলা নির্বাচন অফিসের জন্য জেলা সার্ভার স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে নির্বাচন কমিশনার সার্ভার স্টেশন চত্বরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন এবং এর আগে তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী আশরাফউদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





