ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগ নেতার অফিস থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে ব্যস্ত খোকনকে (৪৫) ৩ সঙ্গীসহ গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত অন্যরা হলেন, যুবলীগ নেতা ফরহাদ কবির (৪৫), মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪০) এবং ওয়ারিশ (৪০)।
একই সঙ্গে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন উদ্ধার করেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাগমারা ব্রিজের ঢালে স্থানীয় যুবলীগ নেতা ফরহাদ কবিরের অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।
যুবলীগ নেতা ফরহাদ কবিরের দাবি, পিস্তলটি তার নিবন্ধনকৃত।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
কেরানীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি শহীদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এদের গ্রেফতারে পুলিশের পরিকল্পনা ছিলো। এরা সবাই চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
একে





