দিনাজপুরের দশমাইলে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত পুলিশ সদস্য ও অ্যাম্বুলেন্স চালক আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদরের দশমাইল ফার্মের হাটসংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, একদল পুলিশ সদস্য নাশকতা ঠেকাতে রাস্তায় টহল শেষ করে সদর থানার দিকে ফিরছিলেন। দশমাইল ফার্মের হাটসংলগ্ন মহাসড়কের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে চালকদের দাবি।

স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক ও তিন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাকবলিত যান দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে থাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

ইআর