নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, “চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনের বিষয়ে বিএনপি কিছু বিশেষ অভিযোগ করেছে। যেমন, মৃত ভোটার বা প্রসাসীরা ভোট দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করবে ইসি।”
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে মো. আলমগীর এই কথা বলেন।
ইসি সচিব বলেন, “ইভিএমে মৃত ভোটার ভোট দিতে পারেন না। অথবা যিনি বিদেশে আছেন, তিনি কীভাবে ভোট দিলেন। একজন মৃত ভোটার কিংবা বিদেশে থেকে তো ইভিএমে ভোট দেওয়ার সুযোগ নাই। এ জন্য তাদেরকে (বিএনপি) একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তাঁরা দিয়েও গেছেন।”
আলমগীর আরও বলেন, “অভিযোগের তদন্তে নেমে সেখানে যদি আমরা দেখি যে, প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়ে গেছেন, তাহলে অবশ্যই বুঝতে হবে, সিস্টেমের কোথাও একটা ডিউ লার্ন। ইভিএমের তো দোষ করতে পারে না, তাহলে এই দোষের সঙ্গে জড়িত কারা তাদেরকে খুঁজে বের করতে হবে।”
মো. আলমগীর বলেন, “আর যদি দেখা যায়, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। উনি (ভোটার) জীবিতই আছেন। ভোটার যদি বলেন আমিই ভোট দিয়েছি। যাই হোক না কেন, সত্য বের করতে হবে। কমিশন বলেছে, এটার সত্যতা তারা বের করবে। তদন্তে ঘটনার প্রমাণ পাওয়া গেলে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।”
গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ৮৭ হাজার ২৪৬টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫টি ভোট।
এমবি





