রাজশাহীতে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’–এর যাত্রা শুরু হয়েছে। এই আদালতের আওতায় আজ শনিবার নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের উদ্যোগ নেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী।

রাজশাহী মহানগর দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরুল আলম মোহাম্মদ নিপুর নির্দেশক্রমে জেলা খাদ্য পরিদর্শক মো. শহিদুল ইসলাম সাহেববাজারে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

এ সময় খাদ্য পরিদর্শক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ নগরের বিভিন্ন ‘খাদ্য স্থাপনা’ পরিদর্শন করেন। নগরের চিলিস রেস্টুরেন্ট-এর রান্নাঘর, বিশাল কনফেকশনারি ও কণ্ডু বেকারির মেয়াদ উত্তীর্ণ এবং নিম্নমানের শিশুখাদ্য, চকলেট, টমেটো সস, কাস্টার্ড পাউডার, পান-মসলাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য জনসমক্ষে ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর বিধি সম্পর্কে ওই কার্যক্রমে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়। ওই কার্যক্রমে উপস্থিত ক্রেতা ও ভোক্তারা সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রম ভবিষ্যতে চালু থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩–এর ৬৫ (১) ও ৬৫ (২) ধারা মোতাবেক এই কার্যক্রম পরিচালিত হয়।

আদালত পরিচালনার সময় বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আদালতের বেঞ্চ সহকারী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএইচ