রাস্তার পাশে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট, তাও আবার টুকরো টুকরো। পাওয়া গেল তিনটি বস্তাও। তাতেও টুকরো নোটে ভরা।

বলা হচ্ছে, ভোলা সদর উপজেলার দক্ষিণ বাপ্তা গ্রামের কথা। শনিবার সকালে দেখা যায়, বাপ্তার রাস্তার পাশে প্রায় ২৬ গজ এলাকাজুড়ে টুকরো নোট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ নিয়ে এলাকা ও ভোলা শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টাকার এসব টুকরো নোট গোল গোল করে কাটা ছিল। সাধারণত ছাপাখানা বা প্রিন্টিং কারখানায় থাকা ডায়াকাটিং মেশিন দিয়ে ডাইস অনুযায়ী এমন গোল করে কাটা হয়ে থাকে।

ধারণা করা হচ্ছে, কোনো মহল নকল টাকা তৈরির চেষ্টায় ব্যর্থ হয়ে টাকাগুলো টুকরো করে ফেলে রেখে গেছে। স্থানীয় নাজু গোলদারের পুকুরপাড় ও বোরহানউদ্দিন উপজেলার জনস্বাস্থ্য বিভাগের ফিল্ড অফিসার জিয়াউর রহমানের বাড়ির সামনের আলু বাগানসহ পুরো এলাকাজুড়ে টুকরো টাকার নোটগুলো ছড়িয়ে রয়েছে। টুকরো টাকার মধ্যে ৫ থেকে ১০ বছরের আগের ১০০ ও ৫০০ টাকার নোটের টুকরোও রয়েছে।

এলাকার বাসিন্দা ভোলা বার লাইব্রেরির অ্যাডভোকেট সমির জানান, ঈদের পরের দিন রাতে তার বাড়ির পাশে পৌর বাপ্তা গোরস্থান ও মাদ্রাসার পরেই একটি ছোট কালভার্টের (ব্রিজ) ওপর কেউ কয়েক বস্তা টাকার টুকরো ফেলে রেখে যায়।

এলাকার অপর বাসিন্দা মাদ্রাসাশিক্ষক লোকমান হোসেন জানান, ঘটনার আগের রাতে লক্ষ্মীপূজা থাকায় রাত ২টা পর্যন্ত রাস্তায় মানুষের চলাচল ছিল। ওই সময় কেউ রাস্তায় টাকার টুকরোগুলো দেখেনি। ভোররাতে কেউ রাস্তায় টাকা ফেলে রেখে গেছে।

স্থানীয় ছাপাখানার কর্মচারীদের ধারণা, ওই টাকা ডায়াকাটিং মেশিন দিয়ে কাটা হয়েছে। এ মেশিন সাধারণত ছাপাখানা বা প্রেসে থাকে।

এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, টাকার খবর পেয়ে পুলিশ ও সিভিল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

এএইচ