ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির পায়তারা বন্ধের দাবিতে খুলনায় মানব বন্ধন করেছে দেশ প্রেমিক ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এ মানব বন্ধন করেন তারা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী প্রতিরক্ষা চুক্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এদেশের সাধারণ মানুষের এতে কোন স্বার্থ নেই।  আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করার স্বার্থে দেশের জন্য এ দীর্ঘস্থায়ী বিপদ ডেকে আনছে।

তাঁরা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কারো ওপর নির্ভরশীলতা বা কারো সাথে বিরোধ চায় না, তারা সকলের সাথে সমমর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে শান্তিপূর্ণ-সহযোগিতামূলক সম্পর্ক চায়। ভারতের জনগণ আমাদের বন্ধু, কিন্তু সাম্রাজ্যবাদী ভারতীয় শাসকগোষ্ঠীর সামরিক পরিকল্পনার সাথে বাংলাদেশকে যুক্ত করা জনগণের আকাঙ্খার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

নেতৃবৃন্দ এ ধরনের জনস্বার্থবিরোধী চুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের কাছে দাবি জানান। তাঁরা সরকারের এই ষরযন্ত্রের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহবান জানান।

এমই/মামুন