জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবিলায় যে কাঠামো থাকা দরকার সেটা পরিপালন হয়নি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে বাজেট নিয়ে ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এই মন্তব্য করেন।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের মনে হয়েছে এই বাজেটে অনুমিতি বিষয় কাজ করেছে। সেটা বাস্তব অবস্থার প্রতিফলন করে না। কারণ বাজেটের যেসব প্রস্তাব দেখেছি, সম্পদ আহরণ থেকে সম্পদ ব্যয়ে বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে, মনে হয়েছে আমরা খুব দ্রুতই করোনা থেকে মুক্ত হবো এবং অর্থনীতি পুনরুদ্ধার হবে।”
সিপিডির ফেলো বলেন, আমরা যে স্বাস্থ্যঝুঁকি দেখছি এতে কিন্তু এত দ্রুত আমরা নিস্তার পাবো না। স্বাস্থ্য খাতে দেখেছি, সামাজিক খাতে দেখেছি, আমরা এটা একটা মানবিক ঝুঁকি হিসেবে দেখছি।
তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ঝুঁকি তো আছেই। সেই ঝুঁকি মোকাবিলা করতে গিয়ে বাজেটে যে কাঠামো থাকা দরকার আমাদের মনে হয়েছে সেটা পরিপালন করা হয়নি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।
মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জানান আগামীকাল শুক্রবার বাজেট বিষয়ে তারা বিস্তারিত জানাবেন।
এমবি





