দেশে কোনো গুম হচ্ছে না- সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, ‘যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না।’

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী যতগুলো বিষয়ে প্রশ্নের মুখে পড়েন, তার একটি ছিল গুমের অভিযোগ।

গত কয়েক বছর ধরেই মানবাধিকার সংগঠন আর বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ নিয়ে সরকারকে আক্রমণ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা গুম হচ্ছে আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি। কেউ প্রেমে ব্যর্থ হয়ে গুম হয়ে যান, কেউ ব্যবসায় ব্যর্থ হয়ে গুম হয়ে যান।’

‘আবার দুইজনের মন মিল হয়ে গেলে এক হয়ে যান। এই ধরনের গুম আপনি উদ্ধার করবেন কোথা থেকে? তারপর আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের জানা মতে, বেশিরভাগ গুমই এরকম।’

‘বিচারবহির্ভূত কোনও হত্যা আমরা করি না’- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর সাংবাদিকরা কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের প্রসঙ্গ তুলেন। মাদকবিরোধী অভিযানের মধ্যে র‌্যাবের গুলিতে নিহত এই সাবেক যুবলীগ নেতার মৃত্যুতে ক্ষমতাসীন দলের অনুসারীরাও ক্ষুব্ধ।

প্রকাশ হওয়া একটি অডিও রেকর্ডের সূত্রে অভিযোগ উঠেছে, র‌্যাব ধরে নিয়ে একরামুলকে ঠান্ডা মাথায় খুন করেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, এই বিষয়ে তদন্ত হবে।

তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে, যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু, যে অন্যায় করবে তার বিচার হবে। সবার জন্য আইন সমান।’

এসএম