ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সিলিং ফ্যান খুলে মাহমুদ হোসেন (৬০) নামের এক রোগী আহত হয়েছেন।

শুক্রবার রাত ১২টার দিকে বহির্বিভাগের ৩১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মাহমুদ হোসেন জানান, গতকাল শুক্রবার কিশোরগঞ্জ থেকে ডাক্তার দেখাতে ঢামেকে আসেন তিনি। বহির্বিভাগে রোগী দেখার সময় শেষ হওয়ায় তিনি ওই ওয়ার্ডের ৫ নম্বর বেডে থেকে যান। রাতে ছাদের সিলিং ভেঙে ফ্যান খুলে পড়ে। এতে তিনি আহত হন।

ওই ওয়ার্ডের রোগী সংকর ও হযরত আলী জানান, ওয়ার্ডের যে অবস্থা তাতে আরো ফ্যান খুলে পড়তে পারে। এ কারণে তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

ওয়ার্ড ইনচার্জ হালিমা খাতুন জানান, আমরা বিষয়টি পরিচালককে জানিয়েছি। তিনি ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ওয়ার্ড মাস্টার শামছুল আলম জানান, অনেক আগেই সরকার ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করেছে। যেকোনো সময় এটি ভেঙে ফেলা হতে পারে।

কেএইচ