ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের প্রসিদ্ধ জয়পুরহাট জেলার পাঁচবিবি পশুর হাটে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মে হাট কর্তৃপক্ষের কাছে একরকম জিম্মি হয়ে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা বিক্রেতারা।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, হাটটিতে সরকারি নীতিমালা উপেক্ষা করে নির্ধারিত অংকের বেশি টোল এবং বিক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে। দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিটি গরু, মহিষ, ঘোড়া ও উটের টোল ২০০ টাকা হলেও এ হাটে আদায় করা হচ্ছে দুশ’ ৫০ টাকা। একইভাবে, প্রতিটি ছাগল, ভেড়ার টোল ৭০ টাকার স্থলে, ক্রেতাদের কাছ থেকে নেয়া হচ্ছে ১০০ টাকা। এ ছাড়াও, নিয়ম বহির্ভূতভাবে প্রতিটি পশুর জন্য বিক্রেতাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে ২০ টাকা।

নওগাঁর বদলগাছী উপজেলার ধর্মপুর গ্রামের গরু ব্যবসায়ী আয়েন নবী, চট্টগ্রামের হাটহাজারীর ব্যপারী লোকমান হোসেন, ঢাকার মহাখালীর ব্যাপারী আলম হোসেন ও হবিবর মেম্বর জানান, প্রতিটি গরুর জন্য ২৫০ টাকা হারে টোল দিয়েছেন তারা। আর, পশু প্রতি ২০ টাকা করে ভ্যাট দেয়ার কথা স্বীকার করেছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী গ্রামের কবিরুল, জয়পুরহাটের পাঁচবিবির হরেন্দা গ্রামের হাসান ও বাবুল আক্তার।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের ছাগলের ব্যপারী হায়দার আলী, দিনাজপুরের হিলি বাজারের কসাই নুরুজ্জামান, পাঁচবিবির বড় নারায়ণপুরের মন্টু কসাই ও ঘোড়াপা গ্রামের সুনীল স্বীকার করেন, ছাগল প্রতি ১০০ টাকা টোল দেয়ার কথা।

এ হারে টোল আদায়ের কথা স্বীকার করেছেন, ছাগল হাটের টোল আদায়কারী রেজাউল করিম ও আব্দুল আলীম। তারা জানান, পশুর বিক্রি রশিদে ক্রেতা-বিক্রেতার নাম পরিচয় ও পশুর বিবরণ উল্লেখ থাকলেও টোলের অংক উল্লেখ করা হয় না।

জেআই