এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করেও পার পেলেন না মনিরুল হক। তাঁর এই কর্মকাণ্ডের জন্য তাঁকে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে তাঁকে বরখাস্ত করার পর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার ভোর চারটার দিকে হাইমচর নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বিধবা নারীর ঘরে তাঁর সঙ্গে উপপরিদর্শক (এসআই) মনিরুল হককে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে কাজী ডেকে তিন লাখ টাকা মোহরানা নির্ধারণ করে তাঁদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরদার বলেন, আগের স্ত্রীর সম্মতি নিয়ে এসআইয়ের সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছে। বিষয়টি জানার পর এলাকাবাসী তাঁদের বিয়ের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ সুপার ওই এসআইকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করেছেন। এ ছাড়া হাইমচর থানার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআই





