দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রধানমন্ত্রীর আসন্ন নিউজিল্যান্ড সফর বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ওই সফর-সংক্রান্ত সমুদয় প্রস্তুতি বাতিল করা হয়েছে বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১১ই মার্চ তার নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। ওই সময়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটিও দেখতেন তিনি।
সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রোববার বলেন, প্রধানমন্ত্রীর সফর বাতিলের ‘সুনির্দিষ্ট কোনো কারণ’ জানানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে তিনি যাচ্ছেন না- শুধু এটুকুই বলা হয়েছে।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বছরপূর্তি থেকে শুরু করে গতকাল পর্যন্ত দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতায় ১০০ লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা নিয়ে দেশের ১৬ কোটি মানুষের সঙ্গে আন্তর্জাতিক সমপ্রদায়ও উদ্বিগ্ন। জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, কানাডাসহ গোটা দুনিয়া এ সঙ্কটের সমাধানে রাজনৈতিক সংলাপের জন্য সরকার ও বিরোধী জোটের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
জাতিসংঘ মহাসচিব কেবল ‘বাংলাদেশ পরিস্থিতি’ দেখভালে তার একজন দূত নিয়োগ দিয়ে রেখেছেন। পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর যে কোন সফরে ঢাকায় সংশ্লিষ্ট দেশ এবং এর আশেপাশের দেশগুলোতে থাকা মিশনগুলোর কর্মকর্তাদের যুক্ত করা হয়। পূর্ব প্রস্তুতির অনেক কাজ থাকে।
এর মধ্যে এয়ার টিকিট এবং হোটেলের এডভান্স বুকিং অন্যতম। সফর বাতিল হওয়ার তাৎক্ষণিক সব প্রস্তুতি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি আগামী ১৩ মার্চ হ্যামিল্টনে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ দেখার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জন কি।
এএইচ





