সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় ধামরাইর বাইশাকান্দা ইউপি সদস্য আব্দুর রহমান নিহত হয়েছে।
আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকার ধামরাইর বাইশাকান্দা ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য আব্দুর রহমান সকালে মোটরসাইকেল যোগে সাভারে আসার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন।

পরে তিনি নবীনগর বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে সাভার হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে।

ইউপি সদস্যের মৃত্যুতে বাইশাকান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে সকালে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


এআই