গাইবান্ধায় রবিবার বজ্রপাতে নাছিমা বেগম (২০) নামে এক গৃহবধূ ও হায়দার আলী (৪৫) নামে এক কৃষক মারা গেছেন।
নাছিমা বেগম সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের নংকার ভিটা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী ও নিহত কৃষক হায়দার আলী ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে।
উদাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, রবিবার হায়দার আলী গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের পূর্ব ছালুয়া গ্রামে জমিতে রোপা আমন ধান রোপন করছিলেন। এ সময় দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
গাইবান্ধা: জানা যায়, বিকেলে বাড়িতে সাংসারিক কাজ করার সময় হঠাৎ করে বজ্রপাতে নাছিমা বেগমের শরীরের এক অংশ পুড়ে যায়। এতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বাড়ির লোকজন উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।





