গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ এলাকার একটি পুরাতন কারখানা ভাঙ্গার সময় ছাদের কিছু অংশের নিচে চাপা পড়ে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হান্নান মিয়া (২৮)। তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার হাওলাদারকান্দি মুন্সিবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে লেপ তোষকের দোকানে কাজ করতেন। আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ওই এলাকার কাদের সিনথিটিক কারখানার পুরাতন চারতলা বিল্ডিংয়ের ভাঙ্গার কাজ চলছিল। বিকাল চারটার দিকে ক্রেনের সাহায্যে ছাদ সরানোর সময় ওই ছাদের কিছু অংশ কারখানা সংলগ্ন একটি টিনশেড বিল্ডিংয়ের উপর পড়ে।

এসময় ওই টিন শেডের নিচে চাপা পড়ে ভাড়াটিয়া হান্নানসহ ৬ জন আহত হয়। গুরুত্বর আহত হান্নানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, পুরাতন ভবনের ছাদ ভাঙ্গার সময় ছাদের স্লাব পড়ে একজন নিহত এবং শিশুসহ ৫জন আহত হয়েছে।

এআই