বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বরিশাল ডিপোতে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাসটির ভেতরের অংশ পুড়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

নগরীর নথুল্লাবাদ বিআরটিসির ডিপোতে সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

ডিপো ইন্সপেক্টর মো. জুলফিকার জানান, গভীর রাতে কাঁটাতারের বেড়া ফাঁক করে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ডিপোতে থাকা ৩০ টি বাসের একটি পুড়ে গেছে।

এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহেদুজ্জামান।

কেএইচ