কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে বিজিবি ও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি, ২০ রাউন্ড গুলি ও ইয়াবা পাচারে ব্যবহৃত একটি গাড়ি।
র্যাব কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি জানান, বুধবার রাতে কক্সবাজার মেরিনড্রাইভ রোডের বিজিবি ও র্যাব যৌথ তল্লাশি করছিল। বৃহস্পতিবার ভোরে হিমছড়ি ছোট ঝর্ণা এলাকায় মেরিনড্রাইভ রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় টেকনাফ থেকে আসা একটি সাদা রংয়ের গাড়ি থামানো হয়। বিজিবি ও র্যাব সদস্যরা গাড়িটি তল্লাশি করতে গেলে ভেতর থেকে তাদের উপর গুলি চালানো হয়। সেই সময় র্যাব ও বিজিবির সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলির এক পর্যায়ে গাড়ির ভেতরে থাকা ২জন মারা যান।
চট্ট-মেট্রো-খ ১১-১৩৬৫ নং গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি ব্যাগ, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি ও বন্দুকের গুলি উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরির্দশক মনিরুল ইসলাম জানান, সকালে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
জেড
জেড





