বরিশাল সদর উপজেলায় বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাস শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকাউয়া ইউনিয়ননের ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাসশ্রমিক আরিফ হোসেন ও মো. সাগর হাওলাদার। আহত বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৩টার দিকে বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ অনুসারী মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম মোল্যা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হোসেন শতাধিক নেতাকর্মী নিয়ে চরকাউয়া এলাকায় জড়ো হন।

অন্যদিকে, তাদের প্রতিহত করতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লার অনুসারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম দেওয়ান অর্ধশত নেতাকর্মী নিয়ে সেখানে অবস্থান নেন।

এ সময় জেবুন্নেছা আফরোজ অনুসারীরা বাসস্ট্যান্ড দখল নিতে যায়। এতে হাসানাত অনুসারীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়ে মালিক সমিতির নেতাদের পাশে দাঁড়ায়। এ ঘটনাই ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হোসেন ক্ষুব্ধ হয়ে অর্ধশত নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় শ্রমিকরা পাল্টাপাল্টি অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট সংঘর্ষ চলে। এতে দুই বাসশ্রমিকসহ উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাস মালিক সমিতি সূত্র জানায়, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবিকে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গত বছর একটি কমিটি গঠন করা হয়।

ওই কমিটির নেতাদের কোনো কিছু অবহিত না করেই সম্প্রতি ক্ষমতার বলে উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম মোল্যাকে আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ হোসেনকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করেন এমপি জেবুন্নেছা আফরোজ।

নতুন কমিটির নেতাকর্মীরা দলবল নিয়ে পুর্বের কমিটির নেতাকর্মীদের হঠিয়ে বাসস্ট্যান্ড দখল করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন (সাহেবেরহাট) বন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পাশাপাশি শ্রমিকদের দ্রুত বাস ছাড়ার জন্য বলা হয়েছে।

কেএইচ