কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আলাল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে অপর আরোহী যুবক শহিদ (২৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার ভাগজোত কাস্টম মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আলাল মহিষকুন্ডি ডাকপাড়া এলাকার দুলালের ছেলে এবং আহত শহিদ ভাগজোত কাস্টম মোড় এলাকার সাহেব আলীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, আলাল দ্রুত গতিতে মুন্সিগঞ্জ সীমান্ত থেকে মহিষকুন্ডি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের এক বাড়ির দেয়ালে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে আলাল ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সঙ্গে থাকা শহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

এমবি