তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই একজন মানুষ হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।
সম্প্রতি দুই বিদেশীকে হত্যার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ দুটি ঘটনা বিচ্ছিন্ন, নাকি সংগঠিত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আমার মনে হয় ঘটনা দুটি গভীর ষড়যন্ত্রের সংগঠিত অংশ।’
এ সময় বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গীরা মিডিয়ার সৃষ্টি। এখনও বাংলাদেশের জঙ্গীদের তৎপরতাকে অস্বীকার করছে বিএনপি।’
অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গীদের বড় ধরনের উত্থান হয়নি। তবে যেটুকু সংগঠিত হওয়ার চেষ্টা করছে সরকার তা কঠোর হাতে দমন করে দিচ্ছে।’
এমএইচ





