নয়দিন মিয়ানমারে বন্দী থাকার পর দেশে ফিরলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাক। বিজিবির প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে নিয়ে টেকনাফ পৌছায়।

এর আগে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) হাতে অপহৃত রাজ্জাককে বিকেল সোয়া তিনটার দিকে হস্তান্তর করা হয়। মংডুতে পতাকা বৈঠক শেষে বিজিবির প্রতিনিধি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মুহাম্মদ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমস্ত প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের মংডু থেকে রাজ্জাককে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। অপহরণকালে রাজ্জাকের সাথে থাকা অস্ত্র (এসএমজি), ম্যাগজিন ও গোলাবারুদ ফেরত দিয়েছে বিজিপি।

এর আগে, বিজিপির হাতে বন্দী রাজ্জাককে ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল কোস্টগার্ডের দু’টি স্পিডবোটে করে মংডুর উদ্দেশে রওনা দেন।

পতাকা বৈঠকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক লে. কর্নেল থি হান।

গত ১৭ জুন নায়েক রাজ্জাককে নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) অপহরণ করে নিয়ে যায়।

জেআই