প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরও ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হচ্ছে।

আজ (২০ জুন) রোববার সকালে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে (আশ্রয়ণ-২) গৃহহীনকে ঘর প্রদানের এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গত বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। ইতোমধ্যে এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আগামী ২০ জুন তিনি দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে (স্বামী ও স্ত্রীর যৌথ নামে) বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে আরও ১ লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

ড. আহমদ কায়কাউস আরও জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবরা তাদের নিজস্ব অর্থায়নে ১৬০টি পরিবারকে দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ নির্মাণ করে দিয়েছেন। জলবায়ু উদ্বাস্তু পরিবারকে বহুতল ভবনে একটি করে ফ্ল্যাট দেওয়ার মাধ্যমে এ পর্যন্ত চার হাজার ৪০৯টি পরিবারকে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে।

এমবি