নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সাবেক মেডিসিন ও সার্জারির চিকিৎসক এবং মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা করোনাবিষয়ক কমিটির ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মো. আলী আজগরের ভাগিনা নাসির আহমেদ আহাদ জানান, দুই সপ্তাহ আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য তিনি প্রথমে তিনদিন বাড়িতে আইসোলেশনে ছিলেন।

পরে অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অবসর নেয়ার পর থেকে নগরীর ডিআইটি এলাকার ইভা মেডিকেল হলে বসে রোগী দেখতেন ডা. মো. আলী আজগর। করোনাকালেও তিনি রোগী দেখা বন্ধ করেননি। ধারণা করা হচ্ছে- সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ডা. মো. আলী আজগর করোনায় আক্রান্ত হওয়ার পর কিছুদিন বাড়িতেই আইসোলেশনে ছিলেন।

এমআর