রাজধানীর খিলগাঁও এলাকায় রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার প্রায় দুই হাজার দোকানপাট ভেঙে দেয়া হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ অভিযান শেষ হয় দুপুর সোয়া দুইটায়।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে থানা (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, খিলাগাঁও থেকে অভিযান শুরু করে মালিবাগে এসে শেষ হয়। এ সময় আনুমানিক দুই হাজার ভ্রাম্যমাণ দোকানপাট ভেঙে দেয়া হয়েছে।
রেলওয়ের ভূমি সম্পত্তি বিভাগের কর্মকর্তা নুরনবী কবির জানান, এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। রেললাইনের ওপর আর যেন কোনো ধরনের বাজার ও দোকানপাট বসতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখা হবে।
বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার এলাকায় বিপরীতমুখী দুটি ট্রেন অতিক্রম করার সময় রেলক্রসিংয়ের কাছে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়।
এরপর শুক্রবার এ এলাকার রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। শনিবার এ খিলগাঁও ফ্লাইওভারের নিচ থেকে মালিবাগ বাজার এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





