নাটোরে আব্দুর রহিম (২৮) নামে সৌদি প্রবাসী এক যুবকের বিয়ের রাতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান জানান,বুধবার সৌদি প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে খোলাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনে কে ছেলের বাড়িতে বাসর ঘরে পাঠানো হয়।

বৃহস্পতিবার সকালে বাসর ঘরের পাশের একটি আমগাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে মরিয়ম এবং তার ভাই-ভাবীকে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জানান, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এখনো তা বোঝা যাচ্ছে না। নববধূ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং তার বয়স মাত্র ১৩ বছর। এ নিয়ে বর আব্দুর রহিম সমালোচিত হওয়ায়ও সে আত্মহত্যা করে থাকতে পারে।

এমএ