রাজশাহী নগরীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভোরে নগরীর বহরমপুর বাইপাস সড়কের পাশ থেকে লুঙ্গি ও চেক শার্ট পড়া ওই বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় এক রিকশা চালক রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ওই রুট দিয়ে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল করে। প্রাথমিকভাবে ধারণা করছি, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় সড়কের পাশে ফেলে যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি মেহেদী হাসান।
কেএইচ





