ব্রাক্ষন বাড়িয়ার নাসির নগরের পর এবার ঠাকুরগাঁও সদর উপজেলার পোকাতি গ্রামে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর ও বিষ্ণুমন্দিরের অগ্নিসংযোগ করেছে দূবৃত্তরা। এ ঘটনায় শংকিত হয়ে পড়েছে এলাকার হিন্দু-সম্প্রদায়ের মানুষ। মন্দির এলাকায় পুলিশের পাহারা বসানো হয়েছে।

জেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান’ বৃহস্পতিবার গভীর রাতে পোকাতি গ্রামে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। পোকাতি গ্রামের বিষ্ণুমন্দিরের সভাপতি চক্রমোহন সরকার বলেন,তার গ্রামের একটি কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করে এবং পরে সন্ত্রাসীরা বিষ্ণুমন্দিরে ধর্মীয় বই(গীতা) ও পুজার উপকরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তিনি জানান ২০০১ সালে এই গ্রামের কালি মন্দিরে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা।

শুক্রবার সকালে পুলিশ সুপার ফারহাত আহম্দে,অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন শাহ্,সহকারি পুলিশ সুপার (সার্কেল)আবুল কালাম আজাদ ও ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার জোড় চেষ্টা চলছে ।

সোহেল/ এআই