সরকারের গ্যাজেট অনুযায়ী কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র বেতনভাতা খোরাকী বৃদ্ধিকরণের দাবিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বাস টার্মিনালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উল্লেখিত দাবি করে শ্রমিক নেতৃবৃন্দ দূরপাল্লারকোচ মালিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরে আবেদন জানায়। এতে ক্ষুব্ধ হয়ে কোচ মালিকপক্ষ গত ৭ জুন থেকে হানিফ, নাবিল, শ্যামলী, ডিপজল, বাবলু, কেয়াসহ ঢাকা-দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী সকল কোচ যাতায়াত বন্ধ করে দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোচ মালিক পক্ষ ঢাকা থেকে রাজশাহীগামী কোচগুলোর চালকদের বেতন ১৪০০ টাকা, পঞ্চগড় থেকে চট্টগ্রামগামী চালকদের বেতন ১৮০০ টাকা। অথচ পঞ্চগড় থেকে ঢাকা দুরত্ব ৫০০ কিলোমিটার হলেও এখানকার কোচ চালকদের বেতন দেয়া হয় মাত্র ১২০০ টাকা।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে উল্লেখিত দাবিসমূহ আদায়ে এই আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী লিখিত বক্তব্য পাঠ করেন।

পঞ্চগড় জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেণু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, তৈয়ব আলী, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দানেশ আলী, সাইফুর রাজ চৌধুরী, আব্দুল মজিদ, আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআইএস