বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা হামলায় তিনজনের নিহতের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। গৌরনদী থানা পুলিশ শনিবার দুপুর ২টায় তাদের আটক করে।

আটকরা হলেন, উপজেলার মাহিলড়া এলাকার মো. মিলন ও মো. তোতা মিয়া।

জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ জানান, ট্রাকে পেট্রলবোমা হামলা করে তিনজনকে হত্যার ঘটনায় শনিবার দুপুরে মামলা হয়েছে। ওই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা স্থানীয় বিএনপির কর্মী।

উল্লেখ্য, উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারায় শনিবার ভোর সোয়া ৫টায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতরা হলেন- ট্রাকচালক ফরিদপুর জেলার বদরপুর গ্রামের বাসিন্দা ইজাজুল ও তার শ্বশুর এবং হেলপার ফরিদপুর মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা মুন্নু। ট্রাকচালকের শ্বশুরের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিলারা বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫৯৩২৬) লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে মেহগনি গাছে ধাক্কা খায়। দুর্বৃত্তরা এ সময় ট্রাকে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে চালকের কেবিনে আগুন ধরে যায়।

ট্রাকের মালিক দুলাল মিয়ার ছেলে রিপন মিয়া জানান, ট্রাকটি পোলট্রি ফিড নিয়ে গাজীপুরের বাঘেরবাজার থেকে বরিশাল আসছিল।

কেএইচ