এসিড নিক্ষেপের মামলায় লায়েক আহমদ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে এ রায় দেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।
দণ্ডপ্রাপ্ত মো. লায়েক আহমদ (২৮) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তবারক আলীর ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল খালিক।
মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের তৈমুছ আলীর মেয়ে ও স্থানীয় নুরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী লাকি বেগমের শরীরে এসিড নিক্ষেপ করেন লায়েক।
ঘটনার পরদিন (২৬ ফেব্রুয়ারি) তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।
মামলারতদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিকদার ২০১২ সালের ৯ এপ্রিল লায়েক আহমদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।
এমবি





