সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমিতে পানি দেয়াকে কেন্দ্রে করে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবক আব্দুল কুদ্দুস (৩৫) মারা গেছেন। তিনি রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিদ-দামিন গ্রামের মৃত বিশা সেখের ছেলে।
রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যান।
এদিকে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস আহত কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশঙ্কায় বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন গ্রামের আব্দুল কুদুস ও হবিবর রহমানের সঙ্গে নলকূপ দখল নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল।এরই জেরে শনিবার সকালে বিএডিসি প্রকল্পের এস আর-১২৬ গভীর নলকূপের পানি দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এতে হবিবর রহমান (৫৫), কদম আলী (৫২), ইসমাইল হোসেন (৩২), জাহাঙ্গীর আলম (৩৫), আছিয়া খাতুন (৪৫), মজদার হোসেন (২৭), আব্দুর রশিদ (৪০), সাইদুল ইসলাম (৩০), আকতার হোসেন (৪৫), রুবেল হোসেন (৩৫)সহ উভয়পক্ষের কমপক্ষে ১১জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশঙ্কাজনক চারজনের মধ্যে আব্দুল কুদ্দুস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যায়।
এমই





