গত মাসে পাহাড় ধসের ঘটনায় বান্দরবানে প্রাণ হারায় ৯ জন। তারপরও পাহাড় কাটা থেমে নেই। শনিবার (১ জুলাই) পাহাড় কাটার দায়ে এক শ্রমিককে আটক করেছে সদর থানা পুলিশ।
বান্দরবানের পূর্ব কালাঘাটার থানচি ঘোনা এলাকা থেকে সেলিম (৩৫) নামের ওই শ্রমিককে আটক করা হয়।
স্থানীয়রা জানান, প্রবাসী নুরু কয়েকদিন আগে সৌদি আরব থেকে বান্দরবান আসে। এসেই তিনি পাহাড়টি কিনে নেন। এর পরপরই তিনি পাহাড়টি শ্রমিক দিয়ে কাটতে শুরু করেছেন। বর্তমানে প্রতিদিনই কয়েকজন শ্রমিক পাহাড়টি কাটছেন।
এ ব্যাপারে নুরু বলেন, ‘যে স্থানের পাহাড়া কাটা চলছে সেখানে আমার নামে কোনও পাহাড় নেই। আমার নাম ভাঙিয়ে অন্য কেউ পাহাড় কাটতে পারে। কিন্তু আমি তা জানি না।’
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, ‘আমরা পাহাড় কাটার সময় সেলিম নামের একজন শ্রমিককে আটক করেছি। তবে মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।’
বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি নির্মাণ করায় ১৩ জুন পাহাড় ধসে বান্দরবানে ৯ জন নিহত হয়। ওই সময় সবচেয়ে বেশি পাহাড় ধস হয় বান্দরবানের কালাঘাটা এলাকায়।
এমএনজে





