রাজধানীর কুড়িল চৌরাস্তায় প্রকাশ্যে স্বামীর ছুরিকাঘাতে আহত অবস্থায় চিকিৎসাধীন কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।

শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

কানিজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া এলাকায়।

টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারে পড়তেন টুম্পা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত দুই মাস আগে সাফখাত হাসান রবিন নামে এক যুবককে বিয়ে করেন। তিনিও কুড়িল চৌরাস্তা এলাকারই বাসিন্দা।

তিনি আরও জানান, রবিন মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেই ছিল। গতকাল টুম্পাই তার বাবা-মাকে ফোন করে তাকে আনতে যেতে বলে।

পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে পিছন থেকে টুম্পার পিঠে রবিন ছুরিকাঘাত করে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হলো।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এএস