নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পরকীয়ার জেরে সঞ্জয় সরকার (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী সীমা সরকার (২৬) ও তাঁর প্রেমিক আলমগীরকে (২৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম রাশেদুজ্জামান রাজা এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, দুই সন্তান’সহ সঞ্জয় সরকার ও সীমা সরকার দুর্গাপুরে বসবাস করতেন। তাঁদের বাসার ভাড়াটিয়া ছিলেন আলমগীর। তাঁর সঙ্গে পরকীয়া গড়ে ওঠে সীমার। এর জের ধরে ২০১২ সালের ২০ জানুয়ারি রাতে প্রেমিকের সহায়তায় স্বামীকে শ্বাসরোধে হত্যা করেন সীমা।

পরের দিন নিহতের ভাই রাখাল সরকার বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী সীমা ও আলমগীর’সহ মোট ৪ জনকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ দু’জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সাইফুল আলম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ায় ভবিষ্যতে কেউ আর এমন ঘটনা ঘটানোর সাহস পাবে না।

এমবি