পাবনা জেলার ঈশ্বরদীতে দাম্পত্য কলহের জের ধরে শাহানুর আলম লিপু (৪৫) নামে এক ব্যবসায়ীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্ত্রী শাহীনা আক্তার। এ ঘটনায় জড়িত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহানুর আলম লিপু ঈশ্বরদী পৌর সদরের শেরশাহ রোড এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ঠিকাদার ও ব্যবসায়ী লিপুর সঙ্গে তার স্ত্রী শাহীনার বেশকিছু ধরে পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ জুলাই রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীনা আক্তার হাতুরি দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিজেকে বাঁচাতে স্বামীর লাশ বাড়ির পাশে সেফটিক ট্যাংকির মধ্যে ফেলে দেয়। ঘটনার পর থেকে শাহানুর আলম লিপুর কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবারের লোকজন ও বন্ধু-বান্ধবরা।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় পরিবারের স্বজনরা পুলিশকে জানায়। পরে পুলিশ সোমবার রাতে স্ত্রী শাহীনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্বামীকে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের ওই সেফটিক ট্যাংকির ভিতর থেকে লিপুর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত লিপুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি বিমার কুমার দাশ।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





