বরিশালের আওলিয়াপুরে পিকআপের ধাক্কায় ইরাম রহমান (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

 শনিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইরাম নগরীর সিঅ্যান্ডবি রোডের টিটিস সংলগ্ন এলাকার ২২ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আনিসুর রহমান দুলালের ছেলে ও হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানান, ইরাম দুপুরে মোটরসাইকেলে বাকেরগঞ্জ থেকে বরিশাল যাচ্ছিলেন। এ সময় বরিশাল-পটুয়াখালী সড়কের আওলিয়াপুরে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইরাম ও মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ইরামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ওএফ