চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ঈদগাহ এলাকায় জ্যোৎস্না বেগম (২৫) নামে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

খুনের পর স্বামী সাগর বৈদ্য (৩৪) পালিয়ে গেছে। পুলিশ গৃহবধূর শ্বাশুড়িকে আটক করেছে।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, জ্যোৎস্না বেগমকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তার গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। যেহেতু স্বামী পলাতক তাই স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি।

হালিশহর থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, নগরীর ঈদগাহ এলাকায় একটি ভাড়া বাসায় সাগর বৈদ্য মা ও স্ত্রী নিয়ে থাকত। সাগর বাসায় ঝাড়ফুঁক, জ্বীন, ভূত হাজির করার কাজ করত।

বুধবার রাতে তারা ভাত খেয়ে বাসায় ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে উঠে শ্বাশুড়ি দেখতে পায় বিছানায় স্ত্রী মৃত অবস্থায় আছে, সাগর নেই।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এছাড়া শ্বাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ