বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বেতন স্কেল বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এ সংগঠন মঙ্গলবার সকাল ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে এ দাবি জানান। তবে পুলিশের বাধার মুখে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেননি তারা।
সমাবেশে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির আহ্বায়ক তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বেতন স্কেল বাস্তবায়ন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে কল্যাণ ভাতা ও অবসর সুবিধা পাওয়ার নিশ্চয়তা দিতে হবে।
তিনি শিক্ষক-কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কেএইচ





