জঙ্গী সংগঠন শহিদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে চট্টগ্রাম আদালতে নিয়ে গেছে র্যাব।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাদের আদালতে নেয়া হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, রিমান্ডে তিন আইনজীবী আমাদের কাছে ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছেন। আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দী দেবেন বলে আমাদের জানিয়েছেন।
এর আগে ২৪ আগস্ট (সোমবার) হাটহাজারী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ৪৮ ঘণ্টা এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের ৭২ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ দেয়ার অভিযোগে ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে গ্রেপ্তারের পর বাঁশখালী থানায় দায়ের হওয়া একটি মামলায় চারদিনের রিমান্ডে নেয় র্যাব। রিমান্ড শেষে তাদের ২৩ আগস্ট সকালে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির করা হয়। সেখানে পর্যায়ক্রমে তিন আইনজীবীর জবানবন্দি রেকর্ড করেন আদালত।
তিন আইনজীবীর মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা (৩৯) বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য পদেও আছেন তিনি।
অপর দু’জন হলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন (৩০) এবং ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন (২৫)।
এআই





