পানি আমার, সীমানা আমার, আমার এলাকায় লাশ ভাসছে- আপনার এত টেনশন কিসের। নদীতে লাশ ভাসলেও কেন উদ্ধার করা হচ্ছে না এমন প্রশ্নে এই উত্তরই দিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, যেহেতু আপনারা বললেন, তাই এসআই মনিরুলকে পাঠাবো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বুড়িগঙ্গা নদীর মাতবর ঘাটে এক নবজাতকের লাশ ভাসছে। বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে কামরাঙ্গীরচর থানার ওসি (তদন্ত) শাজাহান কবির জানান, সকালে অন্য একটি কাজে মাতবর ঘাট এলাকায় তিনি যান। এসময় নবজাতকের লাশটি দেখতে পান। কিন্তু তার থানা এলাকা না হওয়ায় তিনি কেরানীগঞ্জ থানা পুলিশকে জানান।
ঢাকা, জেইউ, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





