রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে মুকুল মিয়া (২৮) নামে ছোট ভাই খুন হয়েছে।

নিহত মুকুল মিয়ার বাড়ি উপজেলার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে। তার পিতার নাম মহির উদ্দিন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মুকুল মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বড় ভাই আব্দুল মতিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে মতিন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মুকুলকে বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত হন মুকুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান মুকুল।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম

জানান, মুকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআই