কুমিল্লার দাউদকান্দিতে জোড়া খুনের আসামি যুবলীগ নেতা আলমের পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামে এ ঘটনা ঘটে।
আলম জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং দাউদকান্দির সাঈদ-মোহাম্মদ আলী জোড়া খুন মামলায় আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
এক ইউনিয়ন চেয়ারম্যান হত্যাকাণ্ডের মামলার আসামি দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের আবদুস সামাদের ছেলে সাঈদ ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী চলতি বছরের ১ এপ্রিল বিকালে জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর উত্তর বাজার এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন হন।
ওই জোড়া খুনের মামলায় আসামি হয়ে যুবলীগ নেতা আলম পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার বাড়িতে আসার খবর পেয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুজন জানান, আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপচর গ্রাম, গৌরীপুর হাসপাতালসহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেড





