কুষ্টিয়া জেলায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষে যুবলীগকর্মী সবুজ হোসেন নিহতের ঘটনায় মামলা করেছে তার পরিবার।
কুষ্টিয়া মডেল থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে রোববার বিকেলে এই মামলা করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম এই হত্যা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সবুজের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় সাজ্জাদ হোসেনের লাইসেন্স করা শটগান দিয়ে গুলি চালানোর ঘটনায় তার শটগান ও ৫৬ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
এরপর তার এই শটগানের লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
এর আগে শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগ র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ক্ষমতাসীন দল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ গ্রুপের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
এতে যুবলীগকর্মী সবুজ হোসেন (২৪) ছুরিকাঘাতে নিহত হন। এ সময় ছুরিকাঘাতে আরও আহত হন যুবলীগ নেতা বিদ্যুৎ (৩৪) ও আমজুল (২২)।
এদিকে, জাতীয় শোক দিবসের দিনে সংঘর্ষে নিহতের এই ঘটনায় রোববার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেককে প্রত্যাহার করা হয়েছে।
এমকে





