গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ঢাকা মহানগরীতে ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরইমধ্যে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা সিটি কর্পোরেশনে তালিকাও পাঠানো হয়েছে।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের শরিফ আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সরকারি দলের সদস্য সেলিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিভিন্ন জেলা ও উপজেলায় স্ব-অর্থায়নে প্লট ও ফ্ল্যাট নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। পর্যায়ক্রমে সকল জেলা ও উপজেলাতে এ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে। এ প্রকল্পে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোটা সংরক্ষিত থাকবে।

মন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন আবাসিক প্রকল্পে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে।

সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি হলেও রাজউকের উন্নয়ন তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় উন্নয়ন কার্যাবলী স্থগিত রয়েছে তা সঠিক নয়।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাসহ ৫৯০ বর্গমাইল এলাকাকে ৮টি জোনে ভাগ করে সম্প্রতি রাজউক নকশা অনুমোদন কার্যক্রম শুরু করেছে।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর