কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাদ্দাম মোড়ের একটি বাড়িতে রওনক (৩) নামে একটি শিশুকে গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা। এসময় তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হয়েছে মা পারভীন আক্তার (৩০)।
তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ভুরুঙ্গামারী বাজারের সাদ্দাম মোড়ের স্থানীয় ব্যবসায়ী রোকনুজ্জামানের বাড়িতে স্ত্রী পারভীন আক্তার, বড় ছেলে ফুয়াদ (৭) ও ছোট ছেলে রওনক টিভি দেখছিলো।
এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ঘরের ভেতরে ঢুকে ছোট ছেলে রওনককে গলাকেটে হত্যা করে। পারভীন আক্তার বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাহত করে চলে যায়। এসময় বড় ছেলে ফুয়াদ ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে প্রাণে রক্ষা পায়।
পরে স্থানীয়রা টের পেয়ে পারভীন আক্তারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার সময় রোকনুজ্জামান বাড়িতে ছিলেন না।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এএইচ





