রাজবাড়ীতে বজ্রপাতে জাকির হোসেন (১৮) মুরাদ শেখ (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার দেবগ্রাম ও গোয়ালন্দ উপজেলার নতুনচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত জাকির হোসেন গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম গ্রামের খবির শেখের ছেলে ও মুরাদ শেখ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের লিয়াকত শেখের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জাকির হোসেন মাঠে কাজ করতে যান। সকাল ৮টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জাকির হোসেন অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মুরাদ শেখ সকালে মাঠে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: সতনু রায় তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ থানার অফিসার ইন চার্জ (ওসি) নাছির উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





