ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দায়ে হেলেনা আক্তার সুমি (২১) নামে এক গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করেছে অভিযোগ পাওয়া গেছে।
শারীরিক নির্যাতনে সুমি অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারে ওই গৃহবধূর মা তাসলিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (১৮ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সুমি বলেন, তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দেউলী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
দুই বছর আগে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের নুরু মোল্যার ছেলে মো. মনির মোল্যার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়।
তিনি অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার স্বামী চাপ দিয়ে আসছিলেন। কিছুদিন আগে ব্যবসা করার জন্য এক লাখ টাকা নিয়েছেন। গত ১৬ জুলাই আবারও ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা বাবা বাড়ি থেকে এনে দিতে চাপ দেন মনির।
সুমি বলেন, আমার বাবা-মা এই টাকা দিতে অপারগতা স্বীকার করলে শারীরিক নির্যাতন করে ঘরে আটকে রাখে। পরে আমার মাকে ফোন করে জানালে স্থানীয় মেম্বারসহ বিশিষ্ট ব্যক্তিরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সুমির মা তাসলিমা বেগম বলেন, আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা। মারপিটের কারণে আমার মেয়ে গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের জানান, ঘটনার অভিযোগ পেয়েছি। দ্রুত উভয় পক্ষকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ





